প্রকাশিত: Fri, Jan 26, 2024 6:25 PM
আপডেট: Thu, Jun 4, 2026 9:49 AM

[১] নির্বাচনে না যাওয়ার ভুল অচিরেই টের পাবে বিএনপি: ওবায়দুল কাদের

সালেহ্ বিপ্লব: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এই মুহূর্তে আর কোনো আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতিও নেই। নির্বাচনও শেষ। তারা এখন আটলান্টিকের ওপারের দিকে তাকিয়ে থাকে। তাদের এখন কালো পতাকার মিছিল, এটা হলো শোক পালনের মিছিল। তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা পরাজয় বরণ করছি।

[৩] তিনি বলেন, বিএনপি আন্দোলন করলে করুক, বাধা নেই। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করলে তা কঠোরভাবে দমন করা হবে। 

[৪] সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে বিরোধী দল বিএনপি হচ্ছে ডামি দল। শোকে শোকে তারা পাথর হয়ে গেছে। তারা আন্দোলন করবে জনতার ঢল নামবে এসব শুনে ঘোড়াও হাসে। নিজেদেরকে নিজেরাই ভুয়া বানিয়ে ফেলছে বিএনপি। শোকে পাথর দলটির নেতাকর্মীদের এখন ঘুম নেই।

[৫]  তিনি বলেন, কারাগারে আটক নেতাকর্মীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। তারা বলছে, ২৫ হাজার নেতাকর্মী জেলে আছে। আমাদের জেলে এত লোক নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১১ থেকে ১২ হাজারের মতো আছে, যারা অপরাধ করে জেলে গেছে। এখন তারা জাতিসংঘ দিয়েও বলাচ্ছে। লবিং ভালোই করে। লবিংয়ের ওস্তাদ এই দল। 

[৬] মন্ত্রী বলেন, যারা ট্রেনে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে এবং প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে; তারাই জেলে গেছে। এরা আইনের সাথে ফেস করুক। লিগ্যাল ব্যাটেল করুক। 

[৭] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো দেশে অপরাধ করে শাস্তি হবে না। আমেরিকার কথায় আমরা ছেড়ে দেব? ৯১টা চার্জে ট্রাম্পের বিচার হচ্ছে।  যে দেশে প্রেসিডেন্টের বিচার চলছে সেই দেশ আমাদেরকে কীভাবে বলে- অপরাধীরকে ছেড়ে দিতে হবে? 

[৮] শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।